শিরোনাম

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ ড্র করে ট্রফি হাতে বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ায় স্মরণীয় টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে নাজমুল হোসেন শান্তর দল হেরেছে ইনিংস ও ৫১ রানে। ম্যাকাই টেস্ট শেষ হতেই আজ রবিবার (২৩ আগস্ট) আইসিসি দলীয় টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে।

এই মুহূর্তে শান্তদের রেটিং পয়েন্ট ৭৮। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এটিই বাংলাদেশ দলের সেরা সাফল্য। অবশ্য র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবস্থান হয়তো বেশি সময় স্থায়ী হবে না। কারণ রেটিং পয়েন্টে বাংলাদেশের পরবর্তী তিনটি দলের মধ্যে ব্যবধান সর্বোচ্চ ৪ পয়েন্ট।

বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়েছে সেই তিন দলের। একধাপ অবনতির পর যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।

পুরুষ ক্রিকেটের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে আছে যথাক্রমে অবস্থান- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

এর আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম।

/টিই/