শিরোনাম

এবার টি-টোয়েন্টিও হার দিয়ে শুরু বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার টি-টোয়েন্টিও হার দিয়ে শুরু বাংলাদেশের
ইয়াসির আলী ৫৪ রান করেও দলকে জেতাতে পারেননি

একমাত্র টেস্টের পর ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডে জিতে কিছুটা হলেও আত্মবিশ্বাস নিয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামে বাংলাদেশ। কিন্তু এই সিরিজও শুরু হলো হার দিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। জবাবে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। তানজিদ তামিমও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে করেছেন ১৬ রান। মিডল অর্ডারে ব্যর্থ পারভেজ হোসেন ইমন (৫) ও তাওহীদ হৃদয় (১৪)। একাই লড়াই করেছেন ইয়াসির আলী রাব্বি। এই ব্যাটার ৩৮ বলে করেছেন ৫৪ রান। এছাড়া শেখ মেহেদি ১৮ বলে ১৯ রান করেন।

এর আগে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান। ওপেনার বেনেট ৬ চার ও ১ ছক্কায় করেন ৩০ বলে ৪৪। এছাড়া ২০ রান করে করেন ডিয়ন মায়ার্স ও সিকান্দার রাজা। রায়ার্ন বার্ল অপরাজিত থাকেন ৩০ রানে। এছাড়া ব্রাড ইভান্স ১০ বলে ১৯ করলে ভালো সংগ্রহ পায় স্বাগতিকরা। নাহিদ রানা ২৬ রানে নেন ৪ উইকেট।

/টিই/