শিরোনাম

শিগগিরই জাতীয় দলে ডাক পাবেন বৈভব: সাঙ্গাকারা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শিগগিরই জাতীয় দলে ডাক পাবেন বৈভব: সাঙ্গাকারা
বৈভব সূর্যবংশী (বামে) ও কুমার সাঙ্গাকারা (ডানে)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে ক্রিকেটবিশ্বকে বুঁদ করে রেখেছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এ তরুণ ওপেনারের অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে দলটির প্রধান কোচ কুমার সাঙ্গাকারা ভবিষ্যৎবাণী করেছেন, খুব দ্রুতই ভারতের জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন এ বাঁহাতি ব্যাটার।

যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রাজস্থানকে। তবে বিদায়ী ম্যাচেও রাজস্থানের হয়ে একক লড়াই লড়েছেন বৈভব। ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ৪৭ বলে খেলেন ৯৬ রানের এক টর্নেডো ইনিংস। এর আগে এলিমিনেটর ম্যাচেও তার ব্যাট থেকে আসে মাত্র ২৯ বলে ৯৭ রানের অবিশ্বাস্য এক ইনিংস। টুর্নামেন্টজুড়ে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ১৬ ইনিংসে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে মোট ৭৭৬ রান সংগ্রহ করেছেন এ ওপেনার। আসরে একটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, আর তিনবার আউট হয়েছেন নব্বইয়ের ঘরে গিয়ে।

রেকর্ডবুক ওলটপালট করা মৌসুমে বৈভবের ব্যাট থেকে এসেছে ৬৩টি চার এবং রেকর্ড সর্বোচ্চ ৭১টি ছক্কা। আইপিএলের ইতিহাসে আন্তর্জাতিক অভিষেকের আগেই এক আসরে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটার এখন তিনিই। এমন বিধ্বংসী পারফরম্যান্সের পর ক্রিকেট মহলে অবধারিতভাবেই তাকে জাতীয় দলে নেওয়ার দাবি উঠেছে।

এ বিষয়ে সাঙ্গাকারা জানান, বিশ্বের সেরা বোলারদের যেভাবে বৈভব শাসন করেছে, তাতে সে যেকোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মৌসুমে ওপেনিংয়ের গুরুদায়িত্ব যেভাবে সে কাঁধে তুলে নিয়েছে এবং যে পরিপক্বতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। লঙ্কান কিংবদন্তি আরও যোগ করেন, বৈভবকে নিয়ে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলেও তারা এ তরুণের মাথায় বাড়তি কোনো চাপ দিতে চান না। দলগত আলোচনা ও প্রস্তুতিতে সে সবসময় সক্রিয় থাকে। ফ্র্যাঞ্চাইজিটি চায় বৈভব যেন কোনো দ্বিধা ছাড়াই সম্পূর্ণ নির্ভীক মনে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলে যেতে পারে।

/এমএকে/