জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট
আবুধাবি টেস্টের চতুর্থ দিনে এবাদত হোসেন নিয়েছেন ২টি উইকেট

আবুধাবি টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান করেছে ৩ উইকেটে ১৩২ রান। শেষ দিনে জয়ের জন্য আফগানদের দরকার আরও ৩৪৭ রান। বাংলাদেশের দরকার ৭ উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৪৬ রান। জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। নাজমুল হোসেন শান্তর দল ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ৪৭৯ রান।

জিততে হলে আফগানিস্তানকে বিশ্ব রেকর্ড করতে হবে। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চার-বিরতির আগেই ২ উইকেট হারায় আফগানিস্তান। আবদুল মালিককে আউট করেন এবাদত হোসেন। মালিককে ফিরিয়ে টেস্টে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন এবাদত হোসেন। পেসারদের মধ্যে তার চেয়ে বেশি টেস্ট উইকেট আছে মাত্র তিনজনের- মাশরাফি (৭৮), শাহাদাত (৭২) ও তাসকিন (৫৯)।

দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। পুল করতে চেয়েছিলেন শাহিদউল্লাহ, বল ঠিকঠাক ব্যাটে লাগেনি। কানা ছুঁয়ে যায় উইকেটকিপার লিটনের হাতে (১৯ বলে ১৯ রান)।

তৃতীয় উইকেটে ৮২ রানের জুটিতে ধাক্কা সামাল দেন। রহমত শাহ ও সেদিকুল্লাহ আতাল। রহমত শাহ ৫১ রানে আউট হলে জুটি ভাঙে। তাকেও ফেরান এবাদত।

সেদিকুল্লাহ আতাল ৩৫ ও হাসমতউল্লাহ ১৯ রান নিয়ে টেস্টের পঞ্চম দিনে ব্যাটিং শুরু করবেন।

এর আগে লিটন দাসের সেঞ্চুরি (১০২) আর মেহেদী হাসান মিরাজের ফিফটিতে (৫২*) ৩৭২ রান তুলে ডিক্লেয়ার করে বাংলাদেশ দল।

/টিই/