শিরোনাম

আইপিএলে কোহলির অনন্য রেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
আইপিএলে কোহলির অনন্য রেকর্ড
আরসিবি ওপেনার বিরাট কোহলি। ছবি: বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে আরও একটি কীর্তি গড়লেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি। টুর্নামেন্টের ইতিহাসে নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫৫০০ রানের অনন্য মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটসম্যান তিনি।

ধর্মশালায় আইপিএলের ৬১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমে এ ইতিহাস গড়েন কোহলি। ম্যাচটি শুরু হওয়ার আগে মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে পাঞ্জাবের বোলার আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে বিশেষ অর্জনটি নিজের করে নেন আরসিবির এ ব্যাটিং স্তম্ভ।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে ওপেনার হিসেবে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারেরও ৫৫০০-এর বেশি রান করার কীর্তি রয়েছে। তবে টুর্নামেন্টে বিভিন্ন সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে এ রান সংগ্রহ করেছেন তারা। ফলে এক দলের হয়ে ওপেনিং পজিশনে রানের পাহাড় গড়ার অনন্য রেকর্ডটি এখন এককভাবে কেবল বিরাট কোহলির দখলেই।

/এমএকে/