ডারবানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ডারবানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ
ম্যাচ শেষে হাত মেলান দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা

ডারবানে টেস্টের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৬ উইকেট। দুর্দান্ত বোলিং করলেন জশ হ্যাজলউড। তার ৬ উইকেটে ২১৪ রানের বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কিংসমিডে চা-বিরতির আগেই দ্বিতীয় ইনিংসে ২০৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে হ্যাজলউড ৪৯ রানে নিয়েছেন ৬ উইকেট।

গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের পর জয় দিয়ে জবাব দিলো অজিরা।

অবশ্য পঞ্চম দিনের প্রথমে ৪২১ রানের লক্ষ্যে প্রতিরোধ গড়েছিল প্রোটিয়ারা। আগের দিন ৪ উইকেটে ১০২ রান নিয়ে খেলা শেষ করা এইডেন মারক্রাম ও ভিয়ান মুল্ডার পঞ্চম উইকেটে ২০৫ বলে ৬৯ রানের ধৈর্যশীল জুটি গড়েন।

তবে লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬ উইকেটে ১৬৬। নতুন বল নেওয়ার আগে আরও ২৫ রান যোগ করে তারা। কিন্তু নতুন বল হাতে নিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় অস্ট্রেলিয়া।

হ্যাজলউডের বলে বোল্ড হন মার্কো ইয়ানসেন, করেন ৩৫ রান। তিন বল পরই ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সিমোন হারমার। এরপর ২৩৭ বলে ৭৫ রানের লড়াকু ইনিংস খেলে বিদায় নেন মারক্রামও। হ্যাজেলউডের বলে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন লেজের দিকের ব্যাটার আইনরিখ নরকিয়া। ক্যাচটি নেন নাথান লায়ন। তাতে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

/টিই/