শিরোনাম

শামীমের ফিফটিতে এইচপির হ্যাটট্রিক জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শামীমের ফিফটিতে এইচপির হ্যাটট্রিক জয়
ফিফটি করে ম্যাচ জিতিয়েছেন শামীম হোসেন

জয়ের জন্য দরকার ২ রান। শামীম হোসেনের ফিফটির জন্য প্রয়োজন ৫। এমন সময় বোলার করলেন ওয়াইড। পরের ডেলিভারিতেই অফ স্টাম্পের বাইরের বল স্লগ করে ছক্কা মেরে ফিফটি পূরণের সঙ্গে দলকে জেতালেন শামীম। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন দিনে তৃতীয় জয়ের স্বাদ পেলো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমিকে এইচপি দল হারালো ৫ উইকেটে।

উজ্জ্বল মোহাম্মদ রুবেলের স্পিন বুঝতে পারছেন না প্রতিপক্ষের ব্যাটাররা। এবার চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তার শিকার চার উইকেট। ভিক্টোরিয়া একাডেমি আটকে যায় ১৩১ রানে।

সেই রান তাড়ায় বিপদে ছিল এইচপি দল। তবে জয়ের কাছে নিয়ে যায় ইরফান শুক্কুর ও শামীম হোসেনের ৮৩ রানের জুটি।

অষ্টম ওভারে বাংলাদেশ এইচপির রান ৪ উইকেটে ৩৭! বিপদ আরও বাড়তে পারতো, যদি জীবন না পেতেন ইরফান শুক্কুর। জীবন পেয়ে বাংলাদেশ এইচপির অধিনায়ক জুটি গড়ে তোলেন শামীমের সঙ্গে। ৩২ বলে ৪৩ করে ইরফান আউট হন বড় শটের চেষ্টায়। পরে আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে বাকি কাজ অনায়াসেই শেষ করেন শামীম। ২ চার ও ৩ ছক্কায় শামীম অপরাজিত থাকেন ৩৩ বলে ৫১ রান করে।

বাংলাদেশ এইচপি পরের ম্যাচ খেলবে মঙ্গলবার (২৫ আগস্ট)। প্রতিপক্ষ অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি।

/টিই/