শিরোনাম

‘মেডিকেল বিভাগ’ আধুনিকায়ন করতে চায় বিসিবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘মেডিকেল বিভাগ’ আধুনিকায়ন করতে চায় বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

মেডিক‍েল বিভাগকে ঢেলে সাজানোর উদ‍্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভাগের প্রধান সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, নিজেদের মেডিক‍েল বিভাগকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং সুযোগ-সুবিধা যতটা সম্ভব বাড়াতে চান তারা।

বিসিবির মেডিক‍েল বিভাগে ছোটখাটো শারীরিক পরীক্ষা-নিরীক্ষা বা জরুরি কোনো চিকিৎসার সুযোগ নেই। অ্যাম্বুলেন্স সুবিধা মেলে কেবল ম্যাচ ও আনুষ্ঠানিক অনুশীলনের সময়। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ক্রিকেটারদের সাহায‍্য করার জন‍্য নেই কোনো পুনর্বাসন সেন্টার। মাত্র দুই জন চিকিৎসক নিয়ে চলছে এই বিভাগের কার্যক্রম।

মেডিক‍েল কমিটির সভা শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ‍্যম কর্মীদের মুখোমুখি হন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান।

মাহবুব আহমেদ শামীম বলেন, ‘একাডেমি ভবনে আমাদের (মেডিক‍েল বিভাগকে) প্রায় তিন হাজার স্কয়ার ফিট জায়গা বরাদ্দ দেওয়া আছে। সেখানে আমরা কী করতে পারি, সেটা নিয়ে আলোচনা করেছি। একটা পরিকল্পনাও করেছি। এখানে আমাদের চিকিৎসক সংখ্যা কম। চিকিৎসক সংখ্যা বাড়াতে হবে। সবচেয়ে বড় সমস্যা ইমার্জেন্সির কোনো ব্যবস্থা নেই। আমরা ইমার্জেন্সি মেডিক‍েল ইউনিট, তারপরে ওপিডি, পুনর্বাসন ইউনিটসহ ধাপে ধাপে (এগোনোর পরিকল্পনা করছি)।’

অন‍্য কোনো ভেন‍্যুতে বিসিবির মেডিক‍েল সুবিধা না থাকায় চোট সংক্রান্ত যে কোনো সমস‍্যায় ক্রিকেটারদের ঢাকায় আসতে হয়। বিভিন্ন ভেন‍্যুতে চিকিৎসা নিশ্চিত করতে চান শামীম।

চোট পাওয়া ক্রিকেটারদের চিকিৎসা দেশেই করানোর মতো পর্যায়ে বিসিবি মেডিকেল বিভাগকে নিয়ে যেতে চান অধ‍্যাপক শামীম।

/টিই/