শিরোনাম

এনসিপিতে যোগ দেওয়ার পর চাপের মুখে কাফি

নিজস্ব প্রতিবেদক
এনসিপিতে যোগ দেওয়ার পর চাপের মুখে কাফি
নুরুজ্জামান কাফি। ছবি: সংগৃহীত

রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণার পর চাপের মুখে পড়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর থেকেই তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) ফেসবুক লাইভে এসে কাফি বলেন, ঢাকার আদাবরে যে বাসার চিলেকোঠায় তিনি দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন, সেটি ছেড়ে দেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির একাধিক মালিকের মধ্যে কয়েকজন তাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন বলেও দাবি করেন তিনি।

কাফির ভাষ্য, বাসার ছাদে বসে একটি সাক্ষাৎকার দিতে চাওয়াকে কেন্দ্র করে অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের আপত্তি দেখা দেয়। তার দাবি, এনসিপিতে যোগ দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাজনীতিতে যুক্ত হওয়ার প্রভাব পড়েছে তার পেশাগত জীবনেও। একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ থাকলেও তা হঠাৎ বাতিল করা হয়েছে বলে জানান কাফি। তার দাবি, রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কারণ দেখিয়েই প্রতিষ্ঠানটি তাকে আর রাখতে পারছে না বলে জানিয়েছে।

সরকারি দলের সঙ্গে থাকলে সুবিধা পাওয়া যায়– এমন মন্তব্য করে কাফি ইঙ্গিত দেন, ভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার কারণেই তিনি এসব সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তবে এসব চাপের মধ্যেও তিনি দমে যাননি বলে জানান। কাফি বলেন, বিষয়টিকে তিনি জীবনের একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার ভাষায়, যাই হোক না কেন, আমি ভেঙে পড়ছি না। মহান আল্লাহ তাআলা হয়ত আমাকে পরীক্ষা নিচ্ছেন। হয়ত আমার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে।

গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন নুরুজ্জামান কাফি। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

/এফসি/