শিরোনাম

হজে গিয়ে এখন পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হজে গিয়ে এখন পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু
প্রতীকী ছবি

চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মারা গেছেন। মৃত্যু হওয়া হজযাত্রীদের মধ্যে ছয়জন নারী ও ১৫ জন পুরুষ। শুক্রবার (২২ মে) এসব তথ্য নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সবশেষ মারা যাওয়া তিন হজযাত্রীর একজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯)। তিনি মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন।

বাদি দুজন হলেন– সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)। মদিনায় স্বাভাবিকভাবেই তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, সরকারি হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।

চলতি বছর হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৯৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা (আরাফাহর ময়দানে অবস্থান) অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে। আর শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ৩০ জুন।

/এফআর/