শিরোনাম

সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪০ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪০ হাজার হজযাত্রী
ছবি: রয়টার্স

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী।

শুক্রবার (১ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এদিকে হজ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়েছেন আরও ৮ হাজার ৮৩০ জন।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮,৯৯২ জন; সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪,৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭,১৪২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

/এসবি/