শিরোনাম

হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
হজ ব্যবস্থাপনায় গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ছবি: সংগৃহীত

কোনো ধরনের গাফিলতি সহজভাবে নেওয়া হবে না। কারণ হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানীর আশকোনা ক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে।

সভায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন।

এসময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারও উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

/টিই/