শিরোনাম

সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী

সিটিজেন ডেস্ক
সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী
হজযাত্রী। ছবি: সংগৃহীত

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে মোট ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বুধবার (১৩ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন।

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল থেকে। এই যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, চলতি বছর সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।

সর্বশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ৩০ জুন।

/জেএইচ/