শিরোনাম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির শোক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির শোক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক সাহসী, স্বাধীনচেতা ও আপসহীন কণ্ঠস্বর। তিনি জ্ঞানচর্চাকে কেবল অ্যাকাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখেননি, বরং জাতীয় চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার, সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং স্বাধীন চিন্তার বিকাশে আজীবন নিরলস ভূমিকা পালন করেছেন।

নেতারা বলেন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় অবস্থানের একজন প্রাজ্ঞ বুদ্ধিজীবী। সংকটময় সময়ে তিনি সত্য উচ্চারণে কখনো আপস করেননি। তার লেখনী ও বক্তব্য নতুন প্রজন্মকে মুক্তবুদ্ধি, আত্মপরিচয় এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার পথে অনুপ্রাণিত করবে।

শোকবার্তায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি এবং একজন বিশিষ্ট লেখক হিসেবে তিনি দেশের সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা-অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ, জাতীয় সংস্কৃতির বিকাশ এবং মুক্তবুদ্ধির চর্চায় তার অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এবি পার্টির নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

/এফআর/