আ.লীগ-বিএনপির কারণে দেশের মানুষ অধিকার ফিরে পাচ্ছে না: নাহিদ ইসলাম

শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুর সংবাদদাতা
আ.লীগ-বিএনপির কারণে দেশের মানুষ অধিকার ফিরে পাচ্ছে না: নাহিদ ইসলাম
শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপির কারণের বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় এসেছে। এখন ক্ষমতায় এসে আওয়ামী লীগরে মতোই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি এখন নিজেদের কাজে ব্যবহার করছে।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৮০০ টাকা হয়েছে। এরপরও বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কোথাও দাম ২ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। বিএনপিই এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।’

তিনি আরও অভিযোগ করেন, একসময় যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। সাধারণ মানুষকে এর ভোগান্তি পোহাতে হচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘এসব চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’

আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।