শিরোনাম

প্রতিমন্ত্রী শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
প্রতিমন্ত্রী শাহে আলমকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ অভিযোগের প্রেক্ষিতে কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

লাইভে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন, কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে।

তিনি বলেন, সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন, তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়। সেটিও মন্ত্রী অথবা উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।

এর আগে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গত ১৭ বছরে (জানুয়ারি, ২০০৯-১৭ ফেব্রুয়ারি, ২০২৬) স্থানীয় সরকারের সার্বিক কার্যক্রমে দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য ৭ সদস্যের কমিটি গঠনের বিষয়ে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এটি রুলস অব বিজনেসের পরিপন্থি। কারণ, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ছাড়া মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারেন না। তবে এ বিষয়ে তদন্তে বিস্তারিত জানা যাবে।

/এসবি/