শিরোনাম

চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ

সিটিজেন ডেস্ক
চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ।

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বর্ষীয়ান এ নেতার বয়স হয়েছিল ৮২ বছর। তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ষাটের দশকের শেষভাগে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তার দেশজোড়া পরিচিতি গড়ে ওঠে। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন এবং ৬৯-এর ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। পরবর্তীতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংসদীয় রাজনীতিতে তোফায়েল আহমেদের পথচলা শুরু হয় ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে, যখন মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি মোট নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন।

/এমএকে/