‘সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা’, বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা’, বক্তব্যের প্রতিবাদ জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ৭০০টি অটোরিকশা নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)প্রশাসক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে বক্তব্য দিয়েছেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে। জামায়াত এ বক্তব্যকে কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এতে বলা হয়েছে, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ করার আগে এর সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। প্রমাণ জনসমক্ষে তুলে না ধরে এ ধরনের মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যাগুলো বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনা করা উচিত। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা অবস্থানের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা প্রয়োজন; কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।

বিবৃতিতে ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

/এসবি/