বিএনপি চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না: রিজভী
আলোচনা সভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ফ্যাসিবাদী শাসনামলে দেশজুড়ে লুটপাট, চাঁদাবাজি এবং মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের যে অরাজকতা তৈরি হয়েছিল, বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির রাজনীতি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আশির বেশি বয়সেও হান্নান শাহ রাজনৈতিক কর্মসূচিতে দাঁড়িয়ে সাহসের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি ছিলেন সাহস ও বীরত্বের প্রতীক। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি রাজনৈতিক কর্মসূচিতে সাহসের সঙ্গে দাঁড়িয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান তাকে সবার কাছে সাহস ও বীরত্বের প্রতীক করে তুলেছিল।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে অতীতের মতো এখনো নানা ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে। গতকালও নাশকতার পরিকল্পনার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরীর’ মতো সজাগ ও প্রস্তুত রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা ঠেকাতে নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিটি পূজামণ্ডপে নজরদারি রাখবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।

/এফআর/