আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে: মামুনুল হক
ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বর্তমান সরকারকে সতর্ক করার জন্যই লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘বর্তমান সরকারকে সতর্ক করার জন্যই আমরা লংমার্চের এই কর্মসূচিতে নেমেছি। আমাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। আল্লাহর রাসুলের (সা.) সিরাত ও জীবন অধ্যয়ন করে দেখেছি, আল্লাহর নবী সবচেয়ে বেশি যে অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন, সেটি হলো গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ও বিএনপি মদিনার ইসলামের কথা বলেছে। মদিনার ইসলামের কথা যদি বলে থাকে এবং মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে চান, তাহলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান থেকে শুরু করে তাদের দল ও তাদের দোসরদের সবার মাথা নষ্ট হয়ে গেছে। আমরা বলতে চাই, আজ ১১ দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমরা হরতালে যাইনি, অবরোধে যাইনি। জনদুর্ভোগ যতটা সম্ভব লাঘব করে আমরা আমাদের কর্মসূচি পালন করছি।’

আন্দোলন প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির বলেন, ‘১১ দল বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে নতুন একটি মাইলফলক তৈরি করবে। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংগ্রাম হবে গণসম্পৃক্ত। গোটা বাংলার কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সেই আন্দোলন আরও বেগবান হবে।’

/জেএইচ/