প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও
যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে যুবশক্তির নেতাকর্মীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরে প্রধান কার্যালয় ঘেরাও করে তারা।

কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। 

এর আগে গতকাল শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে রবিবার যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ডাক দেয় জাতীয় যুবশক্তি।

কর্মসূচির অংশ হিসেবে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন যুবশক্তির নেতারা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে ৫ দফা দাবি পেশ করেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম। দাবিগুলো হলো–

১. যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ।

২. প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।

৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।

৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।

৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

প্রসঙ্গত, শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। পরে আজ যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ডাক দেয় যুবশক্তি।

/এফআর/