কর্মসংস্থানের বদলে এক কোটি চাঁদাবাজ তৈরি হয়েছে: যুবশক্তির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কর্মসংস্থানের বদলে এক কোটি চাঁদাবাজ তৈরি হয়েছে: যুবশক্তির সভাপতি
যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বিএনপি সরকার এক কোটি কর্মসংস্থানের বদলে এক কোটি চাঁদাবাজ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম। রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় দিকে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, ‘গতকালের (শনিবার) যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় তিন লাখ পরীক্ষার্থী ছিল। তাদের সাথে তিন লাখ পরিবার জড়িত। প্রতিটি পরিবারে যদি ৫ জন সদস্য থাকে তাহলে ১৫ লাখ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, এই সরকার তরুণদের নিয়ে ভাবে না। এই সরকার বেকারদের নিয়ে চিন্তা করে না।’

তিনি বলেন, ‘এই সরকার তরুণদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, কর্মসংস্থান তৈরি করা হবে। সেখানে আমরা দেখেছি, এক কোটি কর্মসংস্থানের বদলে এক কোটি চাঁদাবাজ তৈরি করা হয়েছে। এক লুটতরাজ তৈরি করা হয়েছে। বর্তমান সরকারের জনগণের অধিকার নিয়ে কোনো পরিকল্পনা নাই। যদি থাকতো তাহলে আমরা গত ৮ মাসে তার ছাপ দেখতে পেতাম, কিন্তু তার ছিটেফোঁটা দেখতে পাইনি।’

যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ (সাদা গেঞ্জি পরিধান করা) অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ (সাদা গেঞ্জি পরিধান করা) অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাতীয় যুবশক্তির সভাপতি আরও বলেন, ‘প্রশ্ন ফাঁসের ঘটনার খবর পরীক্ষা আগের রাতেই খবর চলে আসছিলো। কিন্তু পরীক্ষার সাথে যারা যুক্ত কিংবা সরকার থেকে কোনো বক্তব্য আসে নাই। যখন পরীক্ষা শুরু হলো তখন টনক নড়লো। তার মানে যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের যুবকদের কর্মসংস্থান নিয়ে কোনো রকম পরিকল্পনা নেই। লাখ লাখ লোক এখানে পরীক্ষা দেবে। আর তাদের কাছ থেকে কীভাবে টাকা আয় করা যায়– তার একটা ফন্দি করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।’

এর আগে, গতকাল শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে রবিবার যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ডাক দেয় জাতীয় যুবশক্তি।

কর্মসূচির অংশ হিসেবে অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নানা স্লোগান দেন যুবশক্তির নেতারা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

বিক্ষোভ কর্মসূচিতে যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

/এফআর/