শিরোনাম

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লগো।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত চারজনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৪ জুন) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন– শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে বুধবার চারজনকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। সেই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকেই বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এফআর/