শিরোনাম

তারেক রহমান সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তারেক রহমান সরকার চালাতে ব্যর্থ হয়েছেন: নাসীরুদ্দীন পাটোয়ারী
আলোচনা সভায় বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রধানমন্ত্রী তারেক রহমান অলরেডি সরকার চালাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘মানুষের ঘরে এখন গ্যাস এবং বিদ্যুৎ নেই। ইতোমধ্যে জ্বালানি সংকট শুরু হয়ে গেছে। পুরো দেশের মধ্যে দলীয় সন্ত্রাস চলছে। ফ্যাসিবাদের চেয়ারে তারেক রহমান বসে আছেন। কথা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বাদ যাবে। কিন্তু, তারেক রহমান ঐ পথে না গিয়ে সন্ত্রাসের পথে গিয়েছেন।’

রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটোয়ারী এসব কথা বলেন।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘সন্ত্রাসের জন্য বাংলাদেশ নয়। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো এবং যুদ্ধ করবো। প্রয়োজন হলে জেলে অথবা কবরে যাবো। তারপরও কারো সঙ্গে সমঝোতা এবং মাথা নত করবো না।’

দেশে দলীয় রাষ্ট্রপতি হওয়া উচিত নয় জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচন তারা (বিএনপি) নিজেদের ভোটিং পাওয়ার নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে বিবেচনা করছে। রাষ্ট্রপতি বাংলাদেশে দলীয় হওয়া উচিত না। যদি সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, তাহলে রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করা হচ্ছে। যদি এভাবে কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, তাহলে আমরা একসময় দাবি করবো– রাষ্ট্রপতিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় এবং পরিবারের হতে পারবে না।’

এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘জুলাই সনদ বিএনপিকেই বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই বলুক, এটা বাস্তবায়ন করবে না। সেই পথ আমরা বিএনপিকে দেবো না। আমরা রাজপথে থেকে জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকটি জায়গায় অগণতান্ত্রিক সিস্টেম দেখতে পাচ্ছি এবং দেশ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। যে গদিতে সরকার বসেছে, এটা দেশের মানুষের। গদিতে যে বসবে, তাকে দেশের মানুষের পক্ষে থাকতে হবে।’

পাটোয়ারী বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলাম। কিন্তু গত নির্বাচনে আমাদের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছে। তবে আগামী স্থানীয় নির্বাচনে আমরা গণতান্ত্রিক যাত্রা নিশ্চিত করতে চাই। সেই নিশ্চিত করার জায়গায় আমরা হোঁচট খেয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর তারা (বিএনপি) যে গণতন্ত্রের কথা বলেছে, এটা ভুয়া ছিল। তারা মূলত দেশে একনায়কতন্ত্র চায় এবং একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থাকতে চায়।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) প্রমুখ।

/এফআর/