শিরোনাম

দেশজুড়ে চলছে দলীয় সন্ত্রাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে চলছে দলীয় সন্ত্রাস: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই সরকার চালাতে ব্যর্থ হয়েছেন। ঘরে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। এখন আবার শুরু হয়েছে জ্বালানি সংকট। দেশজুড়ে চলছে দলীয় সন্ত্রাস।

রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, অনেকে বলেন, দেশে নাকি আবার ফ্যাসিবাদ আসা শুরু করেছে; আবার কেউ কেউ প্রশ্ন তোলেন, পাঁচ মাসে কীভাবে তা সম্ভব? আসলে ফ্যাসিবাদ নতুন করে আসেনি, ফ্যাসিবাদ আগে থেকেই রয়েছে এবং তারেক রহমান এখন সেটির ওপর বসেছেন। আগে এই ফ্যাসিবাদের চেয়ারে ছিলেন শেখ হাসিনা। কথা ছিল ফ্যাসিবাদের চেহারা ও চেয়ার-দুটোই বাদ যাবে এবং ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক হবে। কিন্তু তারেক রহমান সেই পথে না হেঁটে সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসের জন্য প্রস্তুত নয়। ইনশাআল্লাহ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াব এবং লড়াই করব। এর পরিণতি দুটি হতে পারে-হয় জেলে যাবো, না হয় কবরে যাবো। কিন্তু কারও সঙ্গে আপস করবো না,মাথা নতও করব না। এটি আজাদীর দেশ, এটি ওসমান হাদীর বাংলাদেশ।

এনসিপির এই নেতা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আমরা এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু সদ্য সমাপ্ত নির্বাচনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। ব্যর্থতার সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে চাই। তবে সেই পথেই আমরা ফের হোঁচট খেয়েছি।

তিনি বলেন, আপনারা জানেন, বিএনপির একটি নির্বাচনী টিমে সামসুল আলম নামে এক ব্যক্তি ছিলেন। তাকে এখন অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মূলত পাঁচ বছর পর যে নির্বাচন হবে, সেটির জন্য এখন থেকেই তাকে প্রস্তুত করা হচ্ছে। যাতে তিনি সচিব পদে থেকে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আরেকটি ডামি নির্বাচন পরিচালনা করতে পারেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতেই হবে। তারা একটি সংশোধনী কমিটি বানিয়েছে; তবে বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেখানে অংশ নেয়নি। বিরোধী দল এ বিষয়ে একটি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু জুলাই সনদ সংশোধন করা হয়নি এবং তারা নতুন করে সংশোধনী কমিটি গঠন করেছে, তাই আমাদের এই লড়াই এখন রাজপথে নেমে এসেছে।

/এসবি/