শিরোনাম

গণভোটের পক্ষে কথা বলে হঠাৎ বদলে গেলেন কেন: জামায়াত আমির

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
গণভোটের পক্ষে কথা বলে হঠাৎ বদলে গেলেন কেন: জামায়াত আমির
দৈনিক জালালাবাদ আয়োজিত সুধী সম্মেলনে ডা. শফিকুর রহমান

রাষ্ট্র সংস্কারে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আমরা প্রত্যাশার একটি গণভোট পেয়েছিলাম, জাতিকে বদলানোর ভোট ছিল সেটা। তখন কেউ আমরা সরকারি দল, বিরোধী দল, বিএনপি-জামায়াত ছিলাম না। সবাই গণভোটের পক্ষে কথা বলেছে। হঠাৎ করে তারা বদলে গেলেন কেন? তারা দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পরে চিন্তা করলেন, এখন তো আমরা যা ইচ্ছা তা-ই করব। এখন গণভোট মানলে সমস্যা হবে, এটা মানার দরকার নাই।

তিনি সতর্ক করে বলেন, ভোটকে, জনগণের রায়কে সম্মান না করলে কী হয়, এই দেশে তার নজির ইতিহাসে রয়েছে। গোটা দুনিয়ায় এই ইতিহাস রয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে স্থানীয় দৈনিক জালালাবাদ আয়োজিত সুধী সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা চেয়েছি ফ্যাসিবাদী আমলের সবকিছু চাপা পড়ুক, নতুন একটা জাতির উত্থান ঘটুক। কিন্তু সরকার এখনও সেই পথে হাঁটছে না বলেই আমাদের কাছে স্পষ্ট। এটা আমার কথা না, সরকারি দলের (বিএনপি) মহাসচিবের কথা। পরশু দিন তিনি বলেছেন, সরকার গঠনের পর কিছু বদলায়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু ধানের শীষে যারা ভোট দিয়েছেন তাদের নয়, তিনি সবার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সারাদেশের প্রধানমন্ত্রী, তাকে দায়িত্ব নিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। স্বয়ং স্পিকার বলেছেন, চাঁদাবাজি বন্ধ না করলে জাতির কপালে অদূর ভবিষ্যতে বড় অশনি সংকেতের আশঙ্কা রয়েছে।

জামায়াতের আমির বলেন, দেশ আবার চোরাবালিতে হারিয়ে যাক, অন্ধকার গলিতে ঢুকুক এটা আমরা চাই না। এত ত্যাগ, এত কোরবানি, ১৪০০ মানুষ জীবন দিল, তাদের জীবনের কি কোনো মূল্য ছিল না? এতগুলো মানুষ যে অন্ধ, পঙ্গু হলো তাদের ত্যাগের দাম এই জাতিকে দিতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুকতাবিস উন নূর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াদুদ টিপু উপস্থিত ছিলেন।

/এফসি/