ছাত্রদলকে সতর্ক করলেন ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলকে সতর্ক করলেন ডাকসু ভিপি
তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘তোমাদের (ছাত্রদল) সাবধান এবং সতর্ক করছি। সভ্য রাজনীতিতে ফিরে এসো।’

মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ছাত্রদলকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সাদিক কায়েম বলেন, ‘তোমরা (ছাত্রদল) সভ্য রাজনীতিতে ফিরে এসো। যদি না আসো, বাংলাদেশে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও খারাপ পরিণতি তোমাদের হবে।’

তিনি বলেন, তোমরা (ছাত্রদল) ছাত্র সংসদ নির্বাচনে দেখতে পেয়েছো, শিক্ষার্থীরা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। তোমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে দেওনি। এ বাংলাদেশে আর সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেবো না। আমরা ক্যাম্পাসে আর গণরুম এবং গেস্টরুমের রাজনীতি হতে দেবো না।

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে সাদিক কায়েম বলেন, আপনি ছাত্রদলের সন্ত্রাসীদেরকে সামলান। যারা হামলা করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আপনাদেরকে গর্তে ফেলানোর জন্য তারা (ছাত্রদল) প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, সরকার অন্ধ হয়ে গেছে। তারা কোনো অন্যায় দেখছে না। ছাত্রদলের সন্ত্রাসীদেরকে থামানোর জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে সন্ত্রাস বন্ধ করুন। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন।

দেশে ফ্যাসিবাদকে ফিরে আসতে দেবো না উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, নগরকেন্দ্রিক সিটি করপোরেশনগুলোতে প্রশাসক বসিয়ে রাষ্ট্রের টাকা অবৈধভাবে ব্যয় করা হচ্ছে। দেশকে দুর্নীতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, আমরা আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেবো না।

আলোচনা সভায় এসময় তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

/এসবি/