শিরোনাম

আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

জ্বালানি তেলের মূল্য নতুন করে বাড়ানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ জুন) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, কেবল গত মাসেই জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বাড়ানো হয়। এর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে পুনরায় জ্বালানি তেলের মূল্য বাড়ানো একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

/এফসি/