শিরোনাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

সিটিজেন ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আজ ৩০ মে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দেশের অর্থনীতিকে সমৃদ্ধির ধারায় নিয়ে যাওয়ার পথিকৃৎ। সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিতে তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। কৃষকসহ সকল শ্রেণিপেশার মানুষের উন্নয়নে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত অবিরাম কাজ করে গেছেন। আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে তার শাহাদাতবার্ষিকী।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের শিকার হলেও তার রাজনৈতিক দর্শন, স্বপ্ন ও চেতনাকে মুছে ফেলা সম্ভব হয়নি। দেশের মানুষ আজও তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। শৈশব ও কৈশোরের পর ১৯৫৩ সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। মহান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার ও ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশ স্বাধীন হওয়ার পর তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। তার হাত ধরেই অবরুদ্ধ বাংলাদেশ ফিরে পায় বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস। ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে তিনি দেশে উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের ভিত্তি স্থাপন করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’ গঠনের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।

শহীদ রাষ্ট্রপতির ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী ৮ দিনের (২৫ মে থেকে ১ জুন) বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের কর্মসূচি রয়েছে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৫টি সংসদীয় আসন এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ মোট ১৬টি স্থানে একযোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলা ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৩১ মে (রবিবার) বেলা ২টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সংকটকালীন সময়ের এক অকুতোভয় ত্রাণকর্তা। তার রাজনৈতিক দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আজও দেশের বিশাল জনগোষ্ঠীর মূল চালিকাশক্তি।

/এমএকে/