শিরোনাম

বন্ধুত্বই জীবনের সুন্দর উপহার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বন্ধুত্বই জীবনের সুন্দর উপহার
বন্ধুকে জানিয়ে দিন বন্ধু দিবসের শুভেচ্ছা

রক্তের সম্পর্ক নয়, তবু জীবনের কাছের মানুষ হয়ে ওঠে বন্ধু। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা বা জীবনের গোপন কথা যে মানুষের কাছে অনায়াসে বলা যায়, সেই সম্পর্কের নামই বন্ধুত্ব। তাই বলাই যায় বন্ধুত্বই জীবনের সুন্দর উপহার।

বন্ধুত্ব মানে খারাপ সময়েও ছায়ার মতো পাশে থাকা। ছোট-বড় যে কেউ যেকোনো বয়সে বন্ধু হতে পারেন। যা আমাদের জীবনেও দারুণ প্রভাব ফেলে।

তবে প্রতি বছর প্রশ্ন ওঠে কবে বন্ধু দিবস। ৩০ জুলাই, নাকি আগস্টের প্রথম রবিবার? ২০২৬ সালেও এই দ্বিধা রয়ে গেছে। তবে দুটি দিনই স্বীকৃত এবং নিজস্ব ইতিহাস ও গুরুত্ব রয়েছে।

প্রতি বছর ৩০ জুলাই বিশ্বজুড়ে পালিত হয় ‘আন্তর্জাতিক বন্ধু দিবস’। এই দিবসের সূচনা হয় ১৯৫৮ সালে প্যারাগুয়ের চিকিৎসক ড. রামোন আরতেমিও ব্রাচোর উদ্যোগে। তিনি মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দিতে ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড’ নামে একটি আন্দোলন শুরু করেন।

পরবর্তীতে ২০১১ সালে জাতিসংঘ ৩০ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক বন্ধু দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে বন্ধুত্ব, শান্তি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।

অন্যদিকে, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস বা ফ্রেন্ডশিপ ডে হিসেবে উদযাপন করা হয়। ২০২৬ সালে এই দিনটি পড়েছে আজ ২ আগস্ট।

দুটি বন্ধু দিবসের মূল পার্থক্য হলো- ৩০ জুলাইয়ের আন্তর্জাতিক বন্ধু দিবসের লক্ষ্য বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন শক্তিশালী করা। আর আগস্টের প্রথম রবিবারের ফ্রেন্ডশিপ ডে মূলত ব্যক্তিগত সম্পর্ক, পুরোনো স্মৃতি এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির দিন হিসেবে পালিত হয়।

/টিই/