শিরোনাম

দেড় মাসের চিকিৎসা শেষে ফিরেছে ‘রাজা’ ও ‘রানি’

রংপুর সংবাদদাতা
দেড় মাসের চিকিৎসা শেষে ফিরেছে ‘রাজা’ ও ‘রানি’
ছবি: সংগৃহীত

দেড় মাসের নিবিড় চিকিৎসা শেষে রংপুর চিড়িয়াখানার বেঙ্গল টাইগারের দুই শাবক ‘রাজা’ ও ‘রানি’ আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, শাবকগুলো এখন সুস্থ আছে। খাঁচায় ফেরার পর থেকেই এগুলো দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন।

‘রাজা’ ও ‘রানি’ রংপুর চিড়িয়াখানার বাঘ জুটি ‘রোমিও’ ও ‘জুলিয়েট’-এর শাবক। ২০২৫ সালের ২৮ আগস্ট তাদের জন্ম হয়। জন্মের পর প্রথম তিন মাস শাবক দুটিকে আলাদা নিবিড় পরিচর্যায় রাখা হয়, যাতে তারা নিরাপদে বেড়ে উঠতে পারে এবং প্রয়োজনীয় চিকিৎসা পায়।

এরপর ২৩ ডিসেম্বর শাবক দুটিকে প্রথমবারের মতো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। সে সময়ও ‘রাজা’ ও ‘রানি’কে দেখতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ চিড়িয়াখানায় ভিড় করেছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় শাবক দুটিকে দেড় মাস ধরে চিকিৎসা দেওয়া হয়।

রংপুর চিড়িয়াখানার কিউরেটর জানান, দেড় মাসের নিবিড় চিকিৎসার পর শাবক দুটি এখন সুস্থ আছে। খাঁচায় ফেরার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে, আমরা ওদের নিয়মিত পর্যবেক্ষণে রাখছি।’

সাম্প্রতিক অসুস্থতার কারণে শাবক দুটিকে আবার আড়ালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন সুস্থ হয়ে ফিরে আসায় রংপুর চিড়িয়াখানায় স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টদের মতে, ‘রাজা’ ও ‘রানি’ শুধু দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র নয়, এটি সফল প্রজনন ও পরিচর্যারও একটি ইতিবাচক উদাহরণ।

/বিবি/