শিরোনাম

একইসঙ্গে প্রেমিক যুগলের বিষপানে, প্রাণ গেলো প্রেমিকার

সিটিজেন ডেস্ক
একইসঙ্গে প্রেমিক যুগলের বিষপানে, প্রাণ গেলো প্রেমিকার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবারের অসম্মতিতে অভিমানে একসঙ্গে বিষপান করেছেন প্রেমিক যুগল। এতে প্রেমিকা মীম আকতার (১৯) মারা গেছেন এবং প্রেমিক মোরসালীন হাসান পরশ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম।

এর আগে একই দিন সকালে উপজেলার জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে মীম আক্তার ও একই গ্রামের হামিদ মিয়ার ছেলে পরশের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে তারা বিয়ের প্রস্তাব দেয়। তবে উভয় পরিবারই তাতে রাজি না হওয়ায় অভিমানে তারা একসঙ্গে বিষপান করেন।

বিষপানের বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীম আক্তারের মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় পরশকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, মীম আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।

/এসএ/