শিরোনাম

ঘুমন্ত মেরু ভালুকের ঘুম ভাঙানোয় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ঘুমন্ত মেরু ভালুকের ঘুম ভাঙানোয় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
ঘুমন্ত মেরু ভালুক

উত্তর মেরুর কাছাকাছি বরফঢাকা দ্বীপে এক মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে বড় অংকের জরিমানা গুনতে হলো জাহাজের এক যাত্রীকে। উত্তর-পশ্চিম সভালবার্ডের একটি ফিয়র্ড দিয়ে যাওয়ার জাহাজের এক যাত্রী কৌতূহলবশত হঠাৎ কুয়াশার সংকেতবাঁশি (ফগহর্ন) বাজান। বিকট শব্দে ঘুম ভেঙে যায় ভালুকটির।

ঘুমন্ত প্রাণীটির শান্তি নষ্ট করার দায়ে নরওয়ের স্থানীয় প্রশাসন ওই যাাত্রীকে ৫০ হাজার নরওয়েজীয় ক্রোনার (প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা করেছে। দ্বীপপুঞ্জটির গভর্নর লার্স ফাউস জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে জরিমানা দিতে সম্মত হয়েছেন।

ঘুমন্ত মেরু ভালুকের ঘুম ভাঙানোয় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সভালবার্ড অঞ্চলে প্রকৃতির স্বাভাবিক ছন্দ বজায় রাখতে পরিবেশ আইন ভীষণ কড়া। ১৯৭২ সাল থেকেই মেরু ভালুককে সংরক্ষিত প্রাণীর তালিকায় রাখা হয়েছে। ২০১৫ সালের বৈজ্ঞানিক সমীক্ষা অনুযায়ী পুরো দ্বীপপুঞ্জটিতে মেরু ভালুকের সংখ্যা ছিল মাত্র ২৫০টির মতো। তাই এ ধরনের প্রাণীকে অকারণে উত্যক্ত করা, চমকে দেওয়া কিংবা ধাওয়া করা এখানে গুরুতর অপরাধ। জল ও স্থলভাগে চলাচলের সময় সীল, তিমি, বল্গা হরিণ ও আর্কটিক শিয়ালের মতো স্থানীয় প্রাণীরা যাতে কোনোভাবে বিরক্ত না হয় সে বিষয়েও কড়া নজরদারি থাকে।

প্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানোর অপরাধে খেসারত দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও এক পর্যটক একটি ওয়ালরাসের কাছে চলে যাওয়ায় তাকে সাড়ে ১১ হাজার ক্রোনার (প্রায় দেড় লাখ টাকা) জরিমানা করা হয়েছিল।

সূত্র: বিবিসি

/এমএকে/