শিরোনাম

‘পিংক বাস’ নিয়ে প্রশংসা, নারী চালক নিয়ে উদ্বেগ মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘পিংক বাস’ নিয়ে প্রশংসা, নারী চালক নিয়ে উদ্বেগ মামুনুল হকের
‘পিংক বাস’ চালাচ্ছেন একটি নারী বাসচালক

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরাই।

এদিকে, নারীদের জন্য আলাদা বাস চালু নিয়ে সামাজিকমাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে নারীদের ভারী যানবাহন চালকের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনার কথাও তুলে ধরেছেন তারা।

সেইসঙ্গে অতীতের মতো চালুর পর এসব প্রকল্পগুলো যেন আবার বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক সংবাদমাধ্যমকে বলেন, ‘নারীদের জন্য আলাদা পরিবহন সার্ভিসকে তাদের জন্য নিরাপদ বলে মনে করি। তবে ভারী গাড়ি চালানোর মতো দায়িত্ব নারীদের দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।’ এত বড় গাড়ি চালানো তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিআরটিসির উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে দেশের তিনটি প্রধান শহর- ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে যাত্রা শুরু করেছে এই সেবা। এর মধ্যে রাজধানীতে ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস চলাচল করছে। এসব বাসে ই-টিকিটিং পদ্ধতি, সিসি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে।

/এফআর/