শিরোনাম

উদ্বোধনের দিনই ‘পিংক বাসে’ বলাকা পরিবহনের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনের দিনই ‘পিংক বাসে’ বলাকা পরিবহনের ধাক্কা

রাজধানীর সড়কে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’। তবে যাত্রার প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা দিয়েছে গাজিপুর-গুলিস্থান রুটের বলাকা পরিবহন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর সড়কে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে উদ্বোধন করা হয় বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এ বাসগুলো প্রাথমিকভাবে রাজধানীর ১০টি রুটে চলাচল করবে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৩টি রুটে মোট ১৪টি বাস দিয়ে ‘পিংক বাস’ সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলবে। ঢাকার বাসগুলো ১৬০টি স্টপেজে যাত্রী পরিহন করবে। আর চট্টগ্রামে ১২টি এবং বগুড়ায় ১৬টি স্টপেজ রাখা হয়েছে।

/এসবি/