শিরোনাম

প্রথম রোজায় পেঁয়াজ দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রথম রোজায় পেঁয়াজ দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা
ছবি: সিটিজেন জার্নাল

পবিত্র রমজানের শুরুতেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহ কমে যাওয়া ও চাহিদা বাড়ার অজুহাতে মাত্র এক সপ্তাহে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে এখন ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এতে রোজার শুরুতেই বাড়তি খরচের চাপে পড়েছেন ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডি কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল ও রায়েরবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, কয়েক দিনের ব্যবধানে দাম দ্রুত বেড়েছে। বর্তমানে বড় আকারের পেঁয়াজ কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের পেঁয়াজ মিলছে ৫৫ টাকার আশপাশে। তবে ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।

পেঁয়াজ বিক্রেতা মো. সেলিম বলেন, মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমে গেছে। এর সঙ্গে পরিবহন খরচ বেড়েছে এবং রমজান উপলক্ষে চাহিদাও বাড়ছে। ফলে পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা পর্যায়েও পড়েছে।

খুচরা বিক্রেতাদের ভাষ্য, মোকামে বেশি দামে কিনতে হওয়ায় বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের উপায় নেই। রমজানকে কেন্দ্র করে পাইকারি বাজারেই কয়েক দফা দাম বাড়ানো হয়েছে বলে দাবি তাদের।

এদিকে ক্রেতা জাকির হোসেন বলেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। গত সপ্তাহে যে পরিমাণ পেঁয়াজ কম টাকায় কেনা গেছে, এখন একই পরিমাণ কিনতে অনেক বেশি খরচ করতে হচ্ছে।

/এসএ/