শিরোনাম

জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আসন্ন জুলাই মাসে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, খাল খনন ও পুনঃখনন, পানির প্রবাহ বৃদ্ধি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। টেকসই পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে কৃষি ও কৃষকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করছে সরকার।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খালের অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, মেধাবীরা ছাত্র রাজনীতিতে এলে যোগ্য নেতৃত্ব ও দেশের সুফল বয়ে আনতে পারবে। জাতীয় কল্যাণ ও জনস্বার্থে মেধাবীদের ছাত্র রাজনীতিতে আসা প্রয়োজন।

তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা সমাপ্ত হলে সহসাই প্রকল্প অনুমোদন হবে।

/এসবি/