শিরোনাম

চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধজাহাজ

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত

৩ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না।

শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

সফরকালে ভারতীয় জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া সফরসূচির অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। একইসঙ্গে তারা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানও ঘুরে দেখবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। একইসঙ্গে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হয়। সফর শেষে আগামী ১০ মে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।

/এসবি/