শেকৃবির মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেকৃবির মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি
শেকৃবির মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করে মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণার জন্য ব্যবহৃত মাঠটিতে আগে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হতো। পরে বাণিজ্যমেলা পূর্বাচলে স্থানান্তর করা হলেও মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হয়নি। মাঠটি ফিরে পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে। এর মধ্যে সেখানে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার কথা সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে।

তারা বলেন, মাঠটি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে সচিবালয় স্থাপনের পরিকল্পনার কথা শোনার পর শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন করা হবে।

শেকৃবির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপন করা হলে রাজধানীর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও অক্সিজেন সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মাঠটি শুধু কৃষি গবেষণার জন্য নয়, ঢাকা শহরের পরিবেশ রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তাই অবিলম্বে মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার জমি অন্য কাজে ব্যবহারের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।

মানববন্ধনের আগে প্রেস ক্লাবের ভেতরে একটি সংবাদ সম্মেলনে করেছেন তারা।

/এসবি/