শিরোনাম

আড়াই মাসে ৩ লাখের বেশি ভোটার বেড়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আড়াই মাসে ৩ লাখের বেশি ভোটার বেড়েছে: ইসি সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ

গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এই হিসেবে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, আজ থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এসে মনোনয়নপত্র করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এতে করে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট নথি-পত্র আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধাপের নির্বাচনের আচরণ বিধিমালা রয়েছে। এছাড়া আইন সংক্রান্ত অন্যান্য নথি প্রক্রিয়াধীন রয়েছে। যা সম্পন্ন হওয়া মাত্রই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

/এসবি/