শিরোনাম

সীমান্তে অপরাধ বন্ধে মহাপরিচালক পর্যায়ে বৈঠক ৮ জুন

সীমান্তে অপরাধ বন্ধে মহাপরিচালক পর্যায়ে বৈঠক ৮ জুন
বিজিবি ও বিএসএফ এর লোগো। কোলাজ: সিটিজেন জার্নাল

সীমান্তে হত্যা, পুশইন বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে ৮-১১ জুন ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বিজিবির মহাপরিচালকসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ থেকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের উচ্চপদস্থ ১৪ জন কর্মকর্তা যোগ দেবেন। এছাড়া সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (শিপকস) চার সদ্যের একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দেবেন।

মানবাধিকার সংস্থাগুলোর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৩০ জন, পিটুনিতে ২ জন এবং সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের হামলায় আরও ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তবে ২০২৬ সালের শুরুর দিকে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কূটনৈতিক তৎপরতা বাড়ার ফলে সীমান্ত হত্যা কমেছে।

সীমান্তে অনুপ্রবেশ, পাসপোর্ট ও বৈধ নথিপত্র ছাড়াই কাঁটাতারের বেড়া কেটে বা নদীপথ ব্যবহার করে সীমান্ত পারাপার, ভারতের বিভিন্ন রাজ্য থেকে জোরপূর্বক বা বেআইনিভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা বেড়েছে।

ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন এবং ক্রিস্টাল মেথ (আইস) বাংলাদেশে পাচার, অবৈধ আগ্নেয়াস্ত্র, জাল টাকা এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালানেরও ঘটনা ঘটে।

ভারত থেকে বাংলাদেশে গরু-মহিষ পাচার হয়। সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি জমিতে কাজ করতে যাওয়া বাংলাদেশি কৃষক বা সাধারণ মানুষকে বিএসএফ বা ভারতীয় নাগরিকরা ধরে নিয়ে যায়। গত এক বছরে অনেক বাংলাদেশি সীমান্ত এলাকায় গুরুতর নির্যাতন ও অপহরণের শিকার হয়েছেন।