শিরোনাম

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে বরিশালের পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান তিনি।

বরিশালে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।পরে তারা গাড়িবহর নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা দেন। পুরো সড়ক পথের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে একাধিক স্থানে বৃক্ষরোপণ করবেন। পাশাপাশি বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের সরকারি বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান।

/এসবি/