শিরোনাম

করদাতাদের ওপর যেন কোনো চাপ না হয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
করদাতাদের ওপর যেন কোনো চাপ না হয়: প্রধানমন্ত্রী
‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

করদাতাদের ওপরে যেন কোনো চাপ না হয় এজন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। তারা যেন অনুপ্রাণিত হন যে ট্যাক্স দিলে আমরা সেবা পাবো। এই ব্যাপারে রাজস্ব কর্মকর্তাদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দেন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে। তারা যেন দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার– সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা।

কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা কিছু সুবিধার কথা বলেছেন। অবশ্যই সেটা প্রয়োজন আছে। কারণ দক্ষতা বাড়াতে হলে সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একইসঙ্গে খরচের বিষয়টিও বিবেচনা করতে হবে। সরকারের অনেক জায়গা থেকে খরচ কমানোর চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এখানে একটা ভুল পারসেপশন আছে যে, এনবিআর মানুষের ওপরে ট্যাক্সের জন্য চাপ দেয়। এটা একটা ভুল ধারণা।

তিনি আরও বলেন, যারা ট্যাক্স দেবেন তাদেরকে সহযোগিতা করতে হবে। ট্যাক্সপেয়ারদের ওপরেও যেন কোনো চাপ না হয়। বরং তারা যেন অনুপ্রাণিত হন। আমার ট্যাক্স দিলে আমরা স্বাস্থ্য সেবা পাবো। ট্যাক্স দিলে আমাদের সন্তানেরা শিক্ষা সুবিধা পাবে। ট্যাক্স দিলে আরও সোশ্যাল বেনিফিট অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে সেই জন্য আপনাদেরকেও এই ব্যাপারে মনোযোগী হতে হবে।

/এফসি/