শিরোনাম

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
সীমান্ত এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে ও সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী, ঈদ উপলক্ষে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট ২১ মে থেকে বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট এবং ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। এরপর ১৬ মে বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফেরার ক্ষেত্রে একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হবে। ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

/এসবি/