শিরোনাম

ঢাকায় পৌঁছেছে রোমে আটকে পড়া সেই ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় পৌঁছেছে রোমে আটকে পড়া সেই ফ্লাইট
বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ

ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার প্রায় ৪০ ঘণ্টা পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছেছে।

রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে রোমে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। রোমে পৌঁছানোর পর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন।

গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে আটকে ছিল।

ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

ফ্লাইট আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

/এসবি/