রিয়াদে হামলায় ৪ বাংলাদেশি আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রিয়াদে হামলায় ৪ বাংলাদেশি আইসিইউতে
ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে এই হামলার ঘটনায় আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানান তিনি।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় প্রায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি আহতদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখতে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, সৌদি আবর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমানবন্দরে ওই হামলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নিহত দুই বাংলাদেশি রয়েছেন। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দেশটিতে (সৌদি আরব) বলতে গেলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই, দ্রুত নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রিয়াদের বিমানবন্দরের পাশাপাশি সৌদির অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

/এফআর/