শিরোনাম

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বললেন, ‘কে নিউজ করেছে, কার এত জ্বালা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বললেন, ‘কে নিউজ করেছে, কার এত জ্বালা’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ‘ব্রিটিশ নাগরিকত্ব’ নিয়ে নেটিজেনদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রতিমন্ত্রী।

এ সময় সাংবাদিকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং এ নিয়ে একটি নিউজও হয়েছে।

জবাবে প্রতিমন্ত্রী সিলেটি ভাষায় বলেন, ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা কাজকর্ম বাদ দিয়া? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে?’

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা– এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বাংলাদেশি। এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার মনে আমার দেশপ্রেম, আমার অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। মানে বাংলাদেশে এসে, দেশের জন্য কাজ করা... কোনও সুবিধাভোগী লোক তো এটা করবে না।’

তার এমন জাবাবে এক সাংবাদিক বলেন, এ নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। তবে গতকাল একটি গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নেটিজেনরা এটি নিয়ে ঝড় তুলেছেন। পরে প্রতিমন্ত্রী হাস্যরসাত্মকভাবে সিলেটের আঞ্চলিক ভাষার টোনে এর জবাবে বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি।’

দেশের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, সব দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়– এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতারা আছেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

/এফআর/