৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গেজেটে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০/-) শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।

এতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

এ ছাড়াও গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রকাশিত ৪৫তম বিসিএস নিয়োগ কার্যক্রমের সূচনা হয়েছিলো ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। পরবর্তী সময়ে ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ২০২৫ সালের জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করে পিএসসি।

সব আনুষ্ঠানিকতা শেষে ২০২৫ সালের নভেম্বরে পিএসসি চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। পিএসসির সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর সরকারের যাচাই-বাছাই শেষে এই ১৭০২ প্রার্থীর চূড়ান্ত গেজেট জারি করা হলো।

প্রকাশিত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এই ক্যাডারে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে মোট ৫৩৯ জন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ হয়েছে শিক্ষা ক্যাডারে, যেখানে ৪৩৭ জন প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য ক্যাডারগুলোর মধ্যে প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং কাস্টমস ক্যাডারে ৫৪ জন নতুন কর্মকর্তা যুক্ত হচ্ছেন।

/এসবি/