শিরোনাম

নবম পে স্কেলের গেজেট নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নবম পে স্কেলের গেজেট নিয়ে সুখবর
প্রতীকী ছবি

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যমান জটিলতাগুলো দ্রুত সমাধান করে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে বিভিন্ন বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য এবং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে।

সূত্র বলছে, মন্ত্রিসভা চূড়ান্ত কাঠামোর প্রস্তাব অনুমোদন করলে তা আইন মন্ত্রণালয়ে আইনগত যাচাই বা ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিংসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই গেজেট প্রকাশ করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন। তবে নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হবে। সে ক্ষেত্রে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী হিসাব করে পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয় করা হতে পারে।

এদিকে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আরও একটি বৈঠক হওয়ার পর চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে। আর চলতি বছরের মধ্যেই নতুন বেতনকাঠামো কার্যকর করা হবে। তবে আর্থিক সংকটের কারণে নতুন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা কার্যকর হতে পারে।

/এফআর/