শিরোনাম

বিপদমুক্ত নৌযাত্রার লক্ষ্যে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ শুরু

নিজস্ব প্রতিবেদক
বিপদমুক্ত নৌযাত্রার লক্ষ্যে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ শুরু
ছবি: সংগৃহীত

নৌপথে দুর্ঘটনা রোধ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। চলবে ১৬ মে পর্যন্ত। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’।

রবিবার (১০ মে) নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই। 

অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদযাত্রায় যাত্রীদের সেবা দিতে হবে। আমাদের সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। এ ছাড়াও ঈদকে সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌপুলিশকে নির্দেশনা দেন তিনি।

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ নৌপথে আলোচনা সভা, র‌্যালি, লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা দেওয়া এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রী ও নৌযান সংশ্লিষ্টদের লাইফ জ্যাকেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।

নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুম সামনে রেখে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, যাত্রী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।

/এফসি/